২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশে নির্বাচনী রদবদল’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ‘উদ্দেশ্যে’ নির্বাচনের আগে পুলিশ প্রশাসন ‘গুছিয়ে’ রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের হামলার প্রেক্ষাপটে পুলিশে ব্যাপক রদবদল আনার পরদিন বুধবার এই অভিযোগ করেন তিনি।

তরিকুল বলেন, “একদলীয় নির্বাচন করতে তারা (সরকার) নিজেদের পছন্দের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পদোন্নতি দিয়ে ডিসি-এসপি হিসেবে নিয়োগ দিচ্ছে।”

“সরকারকে বলতে চাই, এভাবে ষড়যন্ত্রের নীলনকশা করে ক্ষমতায় থাকা যাবে না। একতরফা নির্বাচন করলে গণঅভ্যুত্থানে তারা ভেসে যাবে,” হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা গণপরিষদের উদ্যোগে ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বাঙালির ইতিহাস বিকৃতির ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তরিকুল।

সভায় মহাজোট সরকারের সমালোচনা করে তাদের হটাতে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, “কোনো দিক থেকেই সরকার দেশের মানুষকে ভালো রাখেনি। দ্রব্যমূল্য, বিদ্যুৎ, জ্বালানি তেলের দাম বেড়েছে, আইনশৃঙ্খলার চরম অবনতি, সর্বত্র গুম করে দেশটাকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।”

“ব্যারিস্টার রফিক-উল হক, সাংবাদিক এ বি এম মূসা, বি চৌধুরী, ড. কামাল হোসেন, আকবর আলি খান, বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং নোবেলবিজয়ী ড. ইউনূস- কেউই এই সরকারের কাছে প্রিয় নয়। কারো সমালোচনাই সরকার সহ্য করতে পারছে না।”

“অবস্থাটা এমন যে ফেরেস্তারাও যদি সরকারের সমালোচনা করে তারাও অপ্রিয় হয়ে যাবে। সরকারে ব্যর্থতা ও অপশাসনে দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছ,” বলেন তরিকুল।

নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তরিকুল বলেন, “যদি আপনারা দেশের জন্য ভালো কাজ করে থাকেন, আপনারাই আবার ক্ষমতায় আসবেন। একতরফা নির্বাচন হলে দেশের মানুষ আপনাদের উচিৎ শিক্ষা দেবে।”

মওলানা ভাসানীর জীবনী পাঠ্যপুস্তক থেকে তুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক ন্যাপ নেতা তরিকুল বলেন,  “ দুই-চার বালতি পানি তুলে নিয়ে সমুদ্রের কিছু যায় আসে না। পাঠ্যপুস্তক থেকে মওলানা ভাসানীর নাম বাদ দিলে তাতে কিছু হবে না। মানুষের মনে তার নাম চিরঞ্জীব।”

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপরিষদের মহাসচিব সাদেক আহমেদ খান।

আলোচনায় অংশ নেন ভাষাসৈনিক আবদুল মতিন, বিএনপি নেতা মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইসমাইল হোসেন বেঙ্গল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম প্রমুখ।