২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হামলায় জামায়াতের সঙ্গে বিএনপিও ছিল’

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাংচুরে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপিকর্মীরাও জড়িত ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

Image
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সোমবার মতিঝিলে পুলিশের ওপর হামলা চালায় এবং কয়েকটি গাড়িতে আগুন দেয়।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সোমবার মতিঝিলে পুলিশের ওপর হামলা চালায় এবং কয়েকটি গাড়িতে আগুন দেয়।

সোমবারের হামলার প্রতিক্রিয়ায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “সোমবার যখন গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ হচ্ছিল, ঠিক একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বোমা বিস্ফোরণ ঘটাচ্ছিল।

“এতেই প্রমাণিত হয় বিএনপির পৃষ্ঠপোষকতায় এই তাণ্ডব সৃষ্টি করা হয়েছে।”

যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দাবিতে সোমবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা বিক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা চালায়, ঢাকায় ভাংচুর করে শতাধিক গাড়ি, আগুন দেয় পুলিশের একটিসহ অন্তত পাঁচটি গাড়িতে।

বিএনপি নেতা তরিকুল ইসলামের সোমবারের বক্তব্যর সমালাচনা করে মন্ত্রী বলেন, “তিনি পুলিশের সমলোচনা করলেও তাণ্ডব সৃষ্টিকারীদের বিরুদ্ধে একটি বাক্যও উচ্চারণ করেননি। তার বক্তব্যেও প্রমাণিত হয়েছে, বিএনপি এর সঙ্গে যুক্ত।”

হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করে দেশে একটি ‘বিশেষ অবস্থা’ সৃষ্টি করতে এই বিশৃঙ্খলা ঘটানো হচ্ছে।

ধারাবাহিকভাবে হামলার এই ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার নজির তুলে ধরছে কি না- জানতে চাইলে হাছান বলেন, “এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেয়া হয়েছে, জামাত-শিবিরের আরো পরিকল্পনা ছিল, যেগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি।”

Image
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ

নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পথ পরিহার করে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে সংসদে এসে তাদের প্রতি জনগণের দেয়া দায়িত্ব পালনের আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

একই সঙ্গে জনগণকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ও তাদের পৃষ্ঠপোষকতাকারীদের প্রতিরোধ ও প্রতিহত করার অনুরোধ জানান তিনি।