জামায়াতকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলেছে এফবিসিসিআই
মতিঝিলে সোমবারের হামলা-ভাংচুরে জড়িতরা ‘একটি সন্ত্রাসী সংগঠনের’ বলে উল্লেখ করেছে এফবিসিসিআই, যারা জামায়াতে ইসলামীর কর্মী বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি বিকালে এক বিবৃতিতে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্রে হামলা, ভাংচুর ও গাড়িতে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি দাবিতে জামায়াতে ইসলামীর কর্মীরা সকালে বিক্ষোভ থেকে মতিঝিলে পুলিশের ওপর চড়াও হয়।
বিক্ষোভকারীরা সেখানে শতাধিক গাড়ি ভাংচুর এবং পুলিশের একটিসহ পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় আহত হয় ২১ পুলিশ সদস্য।
একই ধরনের হামলা হয় রাজধানীর কয়েকটি স্থানসহ বিভিন্ন জেলায়।
এফবিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, “একটি সন্ত্রাসী সংগঠন কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠান এবং পুলিশের ওপর অতর্কিত হামলা, শতাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ এবং বোমা হামলার ঘটনায় এফবিসিসিআই তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ জানাচ্ছে।”
এই হামলার জন্য জামায়াতকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেছেন, “জামাত-শিবির ভবিষ্যতে এ ধরনের কাজ যেন করতে না পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।”
এফবিসিসিআইয়ের নতুন ভোটার তালিকা
দেশের ব্যবসায়ীদের স্বার্থে এই নৈরাজ্যকর পরিস্থিতি কোনোভাবেই সমর্থন করে না এফবিসিসিআই, বলা হয় বিবৃতিতে।
বিবৃতিতে ব্যবসায়ীদের পক্ষ হতে এফবিসিসিআই হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের হামলা এড়িয়ে জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে এফবিসিসিআই।
