জোট নেতাদের সঙ্গে বসছেন খালেদা
সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে ১৮ দলীয় জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন খালেদা জিয়া।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে এই বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতিও পর্যালোচনা করা হবে “
এর আগে রোববার রাতে একই বিষয় নিয়ে দলের নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকের সম্ভাব্য কর্মসূচিগুলো সোমবারের বৈঠকে উপস্থাপন হবে বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, কর্মসূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমে জানানো হবে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত ২৬ জানুয়ারি সারাদেশে মানবপ্রাচীরসহ একমাসের কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচি শনিবার শেষ হয়।
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল উপস্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিএনপি।
রোববার নবম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনের প্রথম দিনের ভাষণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, প্রধান বিরোধী দল গত চার বছরে সংসদীয় কর্মকাণ্ডে ‘নিয়মিত অংশ না নিয়ে’ সাংবিধানিক দায়িত্ব পালনে ‘ব্যর্থ’ হয়েছে।
তিনি সংঘাত-নৈরাজ্যের পথ ত্যাগ করে সংসদে এসে নিজেদের প্রস্তাব তুলে ধরার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
তবে রাষ্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মওদুদ আহমদ বলেছেন, “বিরোধী দলকে সংসদে ফিরে আসতে রাষ্ট্রপতির আহ্বানের কোনো মূল্য নেই। এর সঙ্গে বাস্তবতারও কোনো মিল নেই। তাই রাষ্ট্রপতির আহ্বানে আমরা সাড়া দিতে পারছি না।”
বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে।
