বিএনপির কাউন্সিল মার্চে
ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিলের তিন মাসের মাথায় কাউন্সিল করতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির নীতি-নির্ধারকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকের পর তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আগামী মার্চ মাসেই দলের কাউন্সিল হবে। এ ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”
মার্চের কত তারিখে কাউন্সিল হবে, সে বিষয়ে কিছু বলেননি স্থায়ী কমিটির সদস্য তরিকুল। বিএনপি নেতারা জানিয়েছেন, দিন-ক্ষণ পরে ঠিক হবে।
বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।
গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নিবন্ধন বিধিমালা অনুযায়ী, যথাসময়ে রাজনৈতিক দলগুলোর কাউন্সিলের বাধ্যবাধকতা রয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ গত ২৯ ডিসেম্বর কাউন্সিল করে। তার তিন মাসের মধ্যে বিএনপিও কাউন্সিল করতে যাচ্ছে।
গত কাউন্সিলে খালেদা জিয়াকে চেয়ারপারসন এবং খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব করে বিএনপির কেন্দ্রীয় কমিটি হয়।
ওই কাউন্সিলেই জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। লন্ডনে থেকেই এই পদে নির্বাচিত হন তিনি।
২০১১ সালের মার্চে খোন্দকার দেলোয়ার মারা গেলে ওই পদে নতুন করে কাউকে আনা হয়নি। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন থেকেই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে কাউন্সিল ছাড়াও কয়েকটি কর্মসূচি ঠিক হয়।
তরিকুল জানান, মির্জা ফখরুলসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৯ জানুয়ারি নয়া পল্টনে বিক্ষোভ সমাবেশ হবে।
বৈঠকে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি নিয়েও নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করেন খালেদা জিয়া।
তরিকুল জানান, সোমবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক রয়েছে। ওই বৈঠকে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হবে।
তরিকুল ছাড়াও এই বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মুহম্মদ জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।
