২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির আহ্বান মূল্যহীন: বিএনপি

সংসদে ফিরতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আহ্বান প্রত্যাখ্যান করেছে বিএনপি।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মওদুদ আহমদ বলেছেন,  “বিরোধী দলকে সংসদে ফিরে আসতে রাষ্ট্রপতির আহ্বানের কোনো মূল্য নেই। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাই রাষ্ট্রপতির আহ্বানে আমরা সাড়া দিতে পারছি না।”

রোববার সন্ধ্যায় সংসদের শীতকালীন অধিবেশনে দেয়া রাষ্ট্রপতির ভাষণের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এই অধিবেশনে যোগ দেয়নি বিএনপি।

বিরোধী দল তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, “বয়কট ও জ্বালাও-পোড়াও-সংঘাত-নৈরাজ্যের পথ পরিত্যাগ করুন। হরতাল-অবরোধ বাদ দিয়ে আপনাদের যাবতীয় অভিযোগ, প্রস্তাব, সুপারিশ ও মতামত সংসদের ভেতরে এসে বলুন এবং গণতন্ত্রকে বিকশিত হতে সহায়তা করুন।’’

মওদুদ বলেন, “একইসঙ্গে স্পষ্টভাবে বলতে চাই, আমরা কারো আহ্বানে সংসদে ফিরে যাব না। নিজেদের প্রয়োজনে জনগণের কথা বলতে আমরা সংসদে যাব। আন্দোলনের অংশ হিসেবে সংসদে যাব।”

জাতীয় প্রেসক্লাবে রোববার এক আলোচনা সভায় রাষ্ট্রপতির ভাষণের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

রাষ্ট্রপতির আহ্বানের প্রতিক্রিয়ায় মওদুদ আরো বলেন, “সংসদে ফেরার ব্যাপারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের আহ্বানে আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত। তাদের আহ্বানে আমরা সংসদে ফিরে বিভিন্ন জাতীয় ইস্যুতে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কোনোকিছুই আমাদের আলোচনা করতে দেয়া হয়নি।

“পররাষ্ট্রনীতি, সীমান্ত হত্যা, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও পুঁজিবাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনেক মুলতবি নোটিস জমা দেয়া হয়েছে, যার একটিও গ্রহণ করা হয়নি। কেবল তাই নয়, গত বাজেট অধিবেশনে আমরা বক্তব্য দিতে গেলে কার্যপ্রণালী বিধির কথা বলে তা সীমিত করে দেয়া হয়েছে।”

বিএনপি বলে আসছে, সংসদে তাদের কথা বলতে দেয়া হয় না। তবে সরকারি দলের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। স্পিকার আবদুল হামিদও বলছেন, তিনি পক্ষপাতমূলক কোনো আচরণ করছেন না।

মওদুদ অভিযোগ করেন, “সংসদে আমাদের কথা বলতে দেয়া হয় না। পয়েন্ট অব অর্ডারে এক মিনিট কথা বলার পর মাইক বন্ধ করে দেয়া হয়। এছাড়া আমরা সংসদে গেলে সরকারি দলের সদস্যরা আমাদের নেতা জিয়াউর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিতে থাকেন। এটা কার্যপ্রণালী বিধির পরিপন্থি।

“স্পিকার এ ব্যাপারে দুইবার রুলিং দিলেও সরকারি দলের সদস্যরা তা মেনে চলেন না। রুলিংয়ের পরও সরকারের একজন মন্ত্রী কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, যার জন্য আমরা প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করে চলে আসতে বাধ্য হয়েছি।”

সংসদ বর্জনকারী বিএনপির সদস্যরা রোববার সকালে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল উত্থাপন এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন।

বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (বাসাস) এর ১১ বছরপূর্তি উপলক্ষে ‘সুশাসন ও মানবাধিকার : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক  এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী রাষ্ট্রের অর্থ খরচ করে চট্টগ্রাম ও খুলনায় জনসভা করে আগামী নির্বাচনের জন্য ভোট চেয়েছেন। এভাবে তিনি হেলিকপ্টারে চড়ে সব সুযোগ-সুবিধা নিয়ে বিভিন্ন জায়গা জনসভা করছেন।”

“সরকারকে বলতে চাই, যত ছল-চাতুরি করুন না কেনো, দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বর্তমান প্রধানমন্ত্রী কিংবা কোনো দলীয় ব্যক্তিকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করা হলে তাতে বিএনপি যাবে না। ওই নির্বাচন হতেও দেয়া হবে না।

শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় প্রশাসনের ১৪৪ ধারা জারির কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপির জনসভায় প্রশাসন এভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে। অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তাদের এহেন কর্মকাণ্ড প্রমাণ করে সরকার জনপ্রশাসন ও পুলিশকে দলীয়করণ করে ফেলেছে।”

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির জনসভায় মওদুদের থাকার কথা ছিল। একই দিনে এক সময়ে ছাত্রলীগ সমাবেশ ডাকায় প্রশাসন সব ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা দেয়।