২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়রা আদালতে জামিন আবেদন ফখরুলের

অবরোধে গাড়ি ভাংচুরের একটি মামলায় হাকিম আদালত থেকে জামিন পেতে ব্যর্থ হয়ে এবার দায়রা আদালতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 05:10 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

কলাবাগান থানার এই মামলায় ফখরুলের আবেদনটি আগামী ৩০ জানুয়ারি শুনবেন মহানগর দায়রা জজ মো জহুরুল হক।

এদিকে বিস্ফোরক আইনে পল্টন থানার আরেক মামলায় ফখরুলের জামিন ও পুলিশের হেফাজতের আবেদন নাকচ করে তাকে কারাগারে রাখতে বলেছে হাকিম আদালত। 

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম রোববার শুনানি শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আবদুল্লাহ আবু পুলিশের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে মির্জা ফখরুলের পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।   

গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে। এর মধ্যে চারটি মামলায় গেপ্তার দেখানোর পর উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।  

এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।

হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

১৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পান ফখরুল। মতিঝিলের মামলায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়ে গেলেও পরে হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি।  

এরইমধ্যে ফখরুলকে কলাবাগান ও পল্টন থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।  

অবরোধের দিন পুলিশের কাজে বাধা, হামলা, হত্যা চেষ্টা ও গাড়িভাংচুরের অভিযোগে করা কলাবাগান থানার মামলায় ফখরুলের জামিন আবেদন গত ২৪ জানুয়ারি নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম মো. সাইফুর রহমান। পুলিশের ১০ দিনের রিমান্ডের আবেদনও নাকচ হয়ে যায়।

আর পল্টন থানায় বিস্ফোরক আইনের মামলায় ফখরুলের জামিন ও পুলিশের রিমান্ড আবেদনও রোববার নাকচ হয়ে গেল।

এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।