চাঁদপুরে আ.লীগের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়েছে।
শনিবার হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের দ্বিবার্ষিক ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়- হাজীগঞ্জের সংঘর্ষে আটটি যানবাহনে ভাংচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউণ্ড কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশ জানায়- হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী শুক্কুর আলম শুভর সমর্থকরা টায়ার জ্বালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।তারা পাঁচটি যাত্রীবাহী বাসে ভাংচুর চালায়।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমানসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউণ্ড টিয়ার গ্যাস ছোড়ে।
এদিকে কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পেলে সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘর্ষের সূত্রপাত হয়।
সভাপতি প্রার্থী মীর ইকবাল ও আইয়ুব আলী পাটোয়ারীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়- বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলার শাহনেওয়ামত উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের মঞ্চ ও ৩টি যানবাহনে ভাংচুর চালায়। এসময় আহত হয় কমপক্ষে ১০ জন।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
