২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কূটনৈতিক প্রচেষ্টায় বাচ্চু রাজাকারকে ফেরানো হবে’

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেপার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

তবে শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের এ কথা বলার সময় তিনি আযাদের অবস্থান সম্পর্কে কিছু জানাননি।

দুপুরে দীপু মনি চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও মমতাজউদ্দিন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বিত ভবনের উদ্বোধন করেন।

তিনি বলেন, “ইতোমধ্যে আমরা বাচ্চু রাজাকারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছি। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।”

যুদ্ধাপরাধীদের বিচারে কোনো আন্তর্জাতিক চাপ নেই জানিয়ে তিনি বলেন, “বিচার প্রক্রিয়া আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশীয় আইনেই যুদ্ধাপরাধীদের বিচার চলছে।”

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফাঁসিতে ঝুলিয়ে বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়। ফরিদপুরের এ রাজাকার পলাতক রয়েছেন।

রায় ঘোষণার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, পলাতক বাচ্চু রাজাকার ‘একটি দেশে’ অবস্থান করছেন। সেই দেশের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা হবে।

তবে আযাদ কোন দেশে আছেন তা তিনি নির্দিষ্ট করে বলেননি।  

গোয়েন্দা নজরদারির মধ্যেই গত বছরের ৩০ মার্চ ঢাকা ছাড়েন আযাদ। পাকিস্তানের উদ্দেশে তিনি গত ২ এপ্রিল হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তার অবস্থান নিয়ে আর কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।