২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগকর্মী খুনের আসামি ছাত্রলীগ নেতা

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত সাভারের এক যুবলীগকর্মী বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সাভার মডেল থানায়।

নিহত রজাউল করিম (২২) আমিনবাজারের গাংচিল বাহিনীর সক্রিয় সদস্য এবং সাভার মডেল থানায় তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার পোড়াবাড়ি মহল্লায় এলাকার লোকজনের সামনে রেজাউল করিমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার পর কপালে গুলি করে দুর্বৃত্তরা। রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন মুক্তা বেগম বাদী হয়ে রাতেই থানায় থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোক্তার ও তার ভাই মনিরসহ ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

“রেজাউলের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। তিনি আমিনবাজারের গাংচিল বাহিনীর সক্রিয় সদস্য,” বলেন ওসি।

পুলিশ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশটি গ্রহণ করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে। হত্যা মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।