২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আপিলের শুনানি ৩১ মার্চ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি আগামী ৩১ মার্চ হবে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই দিন ধার্য করেন। ওইদিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

চেম্বার বিচারপতির আদালতে খালেদার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট শাহ মো.মুনীর শরীফ ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

জিয়া এতিমখানা ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩ জুলাই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।

রমনা থানায় করা এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট সাতজনকে। দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট এ মামলায় অভিযোগপত্র দেয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বিরুদ্ধে এ মামলা বাতিলের জন্য হাই কোর্টে আবেদন করলে বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদারের বেঞ্চ ২০১১ সালের ১৪ ডিসেম্বর তা খারিজ করে দেয়।

খারিজের এই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেন খালেদা জিয়া।