বিএনপি হট্টগোলে, সুযোগে ভাংচুরে শিবির
চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ১৮ দলীয় জোটের পথসভা শেষে বিএনপির দুই পক্ষের হট্টগোলের সুযোগে কয়েকটি গাড়ি ভাংচুর করতে দেখা গেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই স্থানে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনসংযোগ ও পথসভা হয়।
পথসভা শেষে নগর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ওয়াহিদুল আলম এবং উত্তর জেলা কমিটির সহ-সভাপতি এস এম ফজলুল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এরই মধ্যে অক্সিজেন মোড়ের কাছে কেডিএস গার্মেন্টসের সামনে পুনরায় পথসভা শুরু করতে যায় শিবিরকর্মীরা, যারা ১৮দলীয় জোটের পথসভায় ছিল।
ওই সময় পুলিশ সেদিকে এগিয়ে গেলে শিবিরকর্মীরা টেলিভিশন চ্যানেলের একটিসহ কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুলিশের দিকে ইট ছুড়তে থাকে।
এরপর পুলিশ লাঠিপেটা ও রবার বুলেট ছুড়ে শিবিরকর্মীদের হটিয়ে দেয়।
ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ।
ভাংচুরের শিকার গাড়িগুলোর মধ্য একটি চ্যানেল টোয়েন্টিফোরের।
পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি সায়রুল ইসলাম।
বন্দর নগরীতে বুধবার কয়েকটি স্থানে পথসভা করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। চকবাজার, কদমতলী ও কর্নেল হাট মোড়ে বিকালে পথসভা হওয়ার কথা রয়েছে।
