‘প্রধানমন্ত্রীকে নিয়ে অশোভন উক্তি করিনি’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো অশোভন উক্তি করেননি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন
প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে- তা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন খন্দকার মোশাররফ।
মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে আমার দেয়া একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে জননেত্রী পরিষদের সভাপতি একটি মামলা দায়ের করেছেন। আমি মনে করি, এটি মনগড়া, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা।”
অভিযোগ অস্বীকার করে এই বিএনপি নেতা বলেন, “আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমার ওই বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার প্রদত্ত বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একদলীয় নির্বাচনের দিকে অগ্রসর হলে দেশে যে সম্ভাব্য পরিণতি হবে, তার একটি রাজনৈতিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছিল। তাতে প্রধানমন্ত্রী বা অন্য কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদান ও মানহানিমূলক কিছু ছিল না।”
আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী গত রোববার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে মানহানির অভিযোগে ওই মামলা করেন।
শুনানি শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলায় অভিযোগ করা হয়, “গত ৩১ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সরকার।
“এই প্রধানমন্ত্রীর বাবাও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় তাহলে ’৭৫ এর পরিণতি বরণ করতে হবে।”
খন্দকার মোশাররফের এ ধরনের বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ায় দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয় মামলায়।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে নিজের দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে এই সংবাদ ব্রিফিং ডাকেন খন্দকার মোশাররফ।
তিনি বলেন, “বর্তমান সরকার যেভাবে আবার ক্ষমতায় আসতে চায়, তার সঙ্গে ১৯৭৫ সালের আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী করার বাকশালী ব্যবস্থার সঙ্গে তুলনা করে আমি সেদিন বক্তব্য রেখেছিলাম। সেখানে ’৭৫ সালের কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা আমি বলিনি। অথচ গণমাধ্যমে একে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে।”
“বরং আমি বলেছি, ’৭৫ সালে বাকশাল ব্যবস্থা যেমন টিকে থাকতে পারেনি। এবার আওয়ামী লীগও যদি জোর করে ক্ষমতায় আসে, সেই সরকারও টিকে থাকতে পারবে না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৯৭৫ সালে জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে। গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা ও তার অবসানও ঘটেছে। আওয়ামী লীগে নেতা খোন্দকার মুশতাকের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। আবার মুশতাক ক্ষমতাও হারিয়েছেন। খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক ক্যু হয়েছে। ৭ নভেম্বরে সিপাহী বিপ্লব ঘটেছে। ইত্যাদি নানা ঘটনা ১৯৭৫ সালে ঘটেছে। আমি সুনির্দিষ্ট কোনো দিন উল্লেখ করিনি।”
রাজনৈতিক বক্তব্য দেয়ার জন্য যদি মামলার আসামি হতে হয়, তাহলে দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা বলতে আর কিছু আছে কি না- তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ।
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, জাসাস সভাপতি এম এ মালেক, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
