খালেদার দুই উপদেষ্টার দুই কথা
যুদ্ধাপরাধের প্রথম রায়ের পর দুই রকম বক্তব্য এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীনের কাছ থেকে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম রায়ে আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দিলে তার প্রতিক্রিয়া জানতে চাইলে দুই রকম বক্তব্য পাওয়া যায়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সর্বপ্রথম রায়। এই রায়ের জন্য আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছি।”
সুনির্দিষ্ট করে রায়ের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, “রায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই মুত্যুদণ্ড নিয়ে এখনি কিছু বলা যাবে না। রায়ের অনুলিপি দেখে বলতে হবে।”
এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিএনপির কয়েকজন নেতা বলে আসছেন। রায়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলেছে, তারা বিচারে ‘স্বচ্ছতা’ দেখতে চায়।
জয়নুল আবেদীন বলেন, আবুল কালাম আযাদের বিচার ‘একতরফা’ হয়েছে।
“এটা দুই পক্ষের যুক্তিতর্কের মাধ্যমে হলে ভালো হত। বিষয়টি হয়েছে একতরফা। যাদের বিচার আগে শুরু তাদের বিচারের রায় এখনো হয়নি। এই অভিযুক্তের আইনজীবী না থাকায় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে।”
রায়ের অপেক্ষার কথা জয়নুল আবেদীন বললেও বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবের এই রায় নিয়ে ‘উৎসাহ’ ছিল না।
প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে সব অপরাধে তার সাজা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতেই তার বিচার হতে পারত। তাই এই ট্রাইব্যুনালের কোনো অর্থ হয় না।”
“যুদ্ধাপরাধের বিচার সব মানুষই চায়। তবে যে আইনের আওতায় এই বিচার হয়েছে, সেই আইনটি তৈরি করা হয়েছে ১৯৫ জন পাকিস্তানি সৈনিকের বিচার করতে। তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে।”
“যুদ্ধকালীন প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বাদ দিয়ে এই ব্যক্তি বিশেষের বিচারের বিচারে আমি খুব একটা উৎসাহ বোধ করছি না। এদেরকেও বিচারের আওতায় আনা হলে এটা স্বার্থক ও গ্রহণযোগ্য হত।”
তিনি আরো বলেন, “সরকার যাই বলুক না কেন, এই বিচার নিয়ে আমাদের কোনো দ্বিমত ছিল না। আমাদের আপত্তি ছিল পদ্ধতিগত এবং ব্যক্তি বিশেষের বিচার নিয়ে।”
জয়নুল আবেদীন গত বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। এক সময় তিনি বিএনপির আইন সম্পাদক ছিলেন। তবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়ার পর দলীয় পদ হারান তিনি।
পরে তাকে জাতীয়তাবাদী আইনজীবী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতির দায়িত্ব দেয়া হয়। পরে তিনি আইনজীবী সমিতির সভাপতিও নির্বাচিত হন। কয়েকদিন আগে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পান তিনি।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এর আগে দুই মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
