২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রায় বাস্তবায়নে হাসিনার পাশে থাকবেন আইনজীবীরা’

যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নকে এই সময়ের সবচেয়ে বড় ‘চ্যালেঞ্জ’ অভিহিত করে সরকার প্রধান শেখ হাসিনার পাশে থাকার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের পর সোমবার বিকালে বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদ আয়োজিত সমাবেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের সভাপতি আব্দুল বাসেত মজুমদার এই ঘোষণা দেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে এদিনই জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বাসেত মজুমদার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা এই সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিলো। সেই অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে। একজনের ফাঁসির রায় ঘোষণা হয়েছে। বাকীদের বিচারও খুব শীঘ্র শেষ হবে বলে আমরা আশা করছি। এই সব রায় বাস্তবায়ন আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বড় চ্যালেঞ্জ।

“এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের আইনজীবীরা সব সময় শেখ হাসিনার পাশে থাকবে। এজন্য আমরা শপথ নিলাম।

“আজ একটি খুশীর দিন। এই দিনে আমি সব আইনজীবীকে একই পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামীতে ঢাকা বারে, সুপ্রিম কোর্ট বারে নির্বাচন আছে। এ সব নির্বাচনের আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশের আগে একটি মিছিল বের হয়। মিছিলটি বার ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে কোর্টের মাজার গেট হয়ে আবার বার ভবনে শেষ হয়।

পরে দুই নম্বর হল রুমে সমাবেশ হয়। বঙ্গবন্ধু যুব আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা তারার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এসএম মুনীর, বশীর আহমেদ ও এএম আমিন উদ্দিন প্রমুখ।

গতবছর বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সরকার সমর্থক আইনজীবীদের জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে বিরোধের সৃষ্টি হয়। পরে আলাদা কমিটি করে সমন্বয় পরিষদ দুই ভাগ হয়ে যায়।

সম্প্রতি আইনজীবীদের একটি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের আহ্বান জানান।