ফারুক হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের হত্যাকারীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ রোববার সাংবাদিকদের জানিয়েছেন, ফারুক আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।
ফারুক আহমেদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ এবং প্রয়াত এই নেতার আত্মার শান্তি কামনা করেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ শুক্রবার রাতে নিজের বাড়ির কাছে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।
ফারুক আহমেদ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের (বিআরডিবি) টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি ছিলেন।
টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
তিনি টাঙ্গাইলভিত্তিক বাংলা সাপ্তাহিক মূলস্রোতের সম্পাদক ছিলেন।
