২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিশ্চয়তা পেলে’ সংসদে যাবে বিএনপি

জাতীয় সংসদের আগামী অধিবেশনে নির্দলীয় সরকারের বিল তোলা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র প্রত্যাহারের ‘নিশ্চয়তা’ পেলে সংসদে ফেরার ইঙ্গিত দিয়েছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 08:45 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার রাজধানীতে এক অবস্থান কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “২৭ জানুয়ারি শীতকালীন অধিবেশনের আগে নির্দলীয় সরকারের বিল উপস্থাপন এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে- এমন নিশ্চয়তা পেলে আমাদের দল সংসদে ফিরে যাওয়ার ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”

আগামী ২৭ জানুয়ারি বিকালে সংসদের শীতকালীন অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

ফারুক বলেন, “টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র একটিই দাবি- দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও গ্রেপ্তার করে এই আন্দোলন দমানো যাবে না।”

সরকার সাড়া না দিলে বিএনপি রাজপথের আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিরোধী দলীয় প্রধান হুইপ।

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং জিয়াউর রহমানের ‘আত্মস্বীকৃত খুনী’ সাংসদ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাংস্কৃতিক দল এই প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, “সরকার পেপার স্প্রে (ঝাঁঝালো গ্যাস) প্রয়োগ করে বিরোধী দলকে দমানোর নীতি গ্রহণ করেছে। তারা আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে বন্দি করে রেখেছে।

“এভাবে সরকার আমাদের দলের ২৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। অনেকে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। আবার অনেকে পালিয়ে বেড়াচ্ছেন।”

দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফারুক বলেন, “এখনো সময় আছে, নির্দলীয় সরকারের দাবি মেনে সংসদে বিল আনুন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।”

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পেপার স্প্রে ব্যবহারের পক্ষে যুক্তি দেয়ায় তার কঠোর সমালোচনা করেন জয়নুল আবদিন ফারুক।

বাংলাদেশ সাংস্কৃতিক দলের সভাপতি এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আবেদ রাজা, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার বক্তব্য দেন।