সিরাজগঞ্জে যুবদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে তাকে শহরের মতিলাল মাঠে আয়োজিত বিজয় মেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন সাংবাদিকদের জানান, গত ১২ ও ১৩ জানুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজে সংঘর্ষের মামলায় আল আমিন আসামি।
ওই সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতা শামীম রেজা সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আল-আমিন পলাতক ছিলেন।
শনিবার সকালে আদালতের মাধ্যমে আল-আমিনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
