জিয়ার জন্মদিনে বিএনপির দুদিনের কর্মসূচি
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার বিকালে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ১৯ জানুয়ারি শেরে বাংলা নগরে তার কবরে খালেদা জিয়ার নেতৃত্বে ফুল দেবে বিএনপি। পরদিন মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা হবে।
বিএনপির সহযোগী সংগঠনগুলোও আলাদাভাবে আলোচনা সভা করবে।
যৌথ সভায় মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে ১৮ দলীয় জোটের এক ঘণ্টার মানবপ্রাচীর কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
রাজধানীতে মহাখালী থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত মানবপ্রাচীর হবে।
মহাখালীতে শুরু হয়ে তেজগাঁও, মগবাজার, বেইলি রোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, সুপ্রিম কোর্ট, নগর ভবন, গোলাপ শাহ মাজার, নর্থ সাউথ রোড, ইংলিশ রোড, ধোলাই খাল চৌরাস্তা হয়ে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা সড়কের পাশে অবস্থান নেবে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
