বিশ্বজিতের বাড়িতে এরশাদ
বিরোধী দলের রাজপথ অবরোধের মধ্যে পিটুনি ও ছুরিকাঘাতে প্রাণ হারানো যুবক বিশ্বজিত দাসের পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
শনিবার সকালে শাঁখারীবাজারে বিশ্বজিতের বাড়িতে গিয়ে তার মা-বাবা ও পরিবারকে সমবেদনা জানান তিনি। পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেকও তুলে দেন তিনি।
পরে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে এক সভায় যোগ দেন,গত ৯ ডিসেম্বর এই পার্কের কাছেই ছাত্রলীগের একদল কর্মী বিশ্বজিতকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
এরশাদ বলেন, “প্রকাশ্য দিবালোকে শতশত মানুষের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে বিশ্বজিতকে হত্যা করা হয়েছে, যা নির্মম ও নিষ্ঠুর। মানুষ দেখলো, কিন্তু প্রতিবাদ করলো না। ইতিহাসে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়েছে বলে আমার জানা নেই।”
ক্ষমতায় গেলে হত্যাকাণ্ডের স্থানটিকে বিশ্বজিত চত্বর করার ঘোষণাও দেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ, যার শাসনামলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ হারাতে হয়েছিল অনেককে।
ক্ষমতাসীন মহাজোটের শরিক দলের নেতা এরশাদ বলেন, বিশ্বজিত হত্যাকাণ্ড নিয়ে সরকার ‘ধূম্রজাল’ সৃষ্টি করছে।
“শতশত মানুষ ও গণমাধ্যমকর্মীদের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে বিশ্বজিতকে হত্যা করা হল, কিন্তু ময়নাতদন্তে চাপাতির কোপের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।”
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে ৯ ডিসেম্বরকে বিশ্বজিত দিবস ঘোষণা এবং জড়িতদের দ্রুত বিচার করার দাবি জানিয়েছেন জাপা চেয়ারম্যান।
দরজি দোকানি বিশ্বজিত হত্যার পর এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও ওই বাড়িতে গিয়েছিলেন।
বিশ্বজিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ জনকে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
