‘বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত দেখতে চায় যুক্তরাষ্ট্র’
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়- এমন কোনো তৎপরতায় যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্কের প্রধান বেঞ্জামিন ব্যারি শুক্রবার বিকালে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে তার দেশের এই অবস্থানের কথা জানান বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা শাহজাহান মাহমুদ জানিয়েছেন।
শাহজাহান মাহমুদ এবং নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করেন।
বৈঠকে আওয়ামী লীগ নেতারা বলেন, গণতন্ত্র ব্যাহত হলে এবং বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে বাংলাদেশ ‘তালেবানি’ রাষ্ট্রে পরিণত হবে।
“তখন বেঞ্জামিন ব্যারি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ব্যাহত হোক কিংবা জঙ্গিবাদের আস্তানায় পরিণত হোক-এমন কোনো তৎপরতাকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না,” বলেন শাহজাহান।
বাংলাদেশে বর্তমান রাজনৈতিক মতপার্থক্যের অবসানে ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত ড্যান মজিনা সক্রিয় তৎপরতা চালাচ্ছেন বলে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানান।
বেঞ্জামিন ব্যারি বলেন, বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশের সামগ্রিক উন্নতি ব্যাহত হতে পারে এমন কিছু যুক্তরাষ্ট্র চায় না।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া চৌধুরী, সহসভাপতি মাসুদ হোসেন সিরাজি ও ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা শিব্বির আহমেদ।
শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের চার বছর পূর্তিতে প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তারা।
