‘প্রধানমন্ত্রীর ভাষণ অসত্য’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণকে বিএনপির এক নেতা ‘অসত্য’ ও ‘বাস্তবতা বিবর্জিত’ বললেও এ নিয়ে বিরোধীদল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শনিবার।
সরকারের চার বছর পূর্তিতে শুক্রবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়ার আহ্বান জানান।
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ভাষণের পর এলিফ্যান্ট রোড়ের বাসায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর ভাষণ তথ্যভিত্তিক নয়। তিনি বিকৃত তথ্য দিয়ে অসত্য ভাষণ দিয়েছেন। তার বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকাল সাড়ে তিনটায় নয়া পল্টনের কার্যালয়ের সংবাদ ব্রিফ্রিংয়ের মাধ্যমে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।”
এম কে আনোয়ার বলেন, “বিদ্যুৎ খাতে কিছুটা উন্নতি হলেও জাতিকে এজন্য বড় ধরণের মাসুল দিতে হচ্ছে।“
যুদ্ধাপরাধীর বিচারের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষন করে তিনি বলেন, “আমরা যুদ্ধাপরাধীর স্বচ্ছ বিচার চাই। বরং সরকার এই বিচারকে বানচাল করতে ষড়যন্ত্র করছে। তারা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।বিচার বিভাগ, প্রশাসন, সংসদসহ সর্বত্র দলীয়করণ করছে তারা।”
একাত্তরের যুদ্ধাপরাধের বহু প্রতিক্ষিত বিচার শেষ করার প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা তার ভাষণে বলেন, “বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মাঠে নেমেছে। নৈরাজ্য সৃষ্টি করছে। জামাত ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে।”
