২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৮ দলের কালো পতাকা মিছিল

সেনানিয়ন্ত্রিত ‘তত্ত্বাবধায়ক সরকার’ গঠনের দিনটিকে ‘কালো দিবস’ পালন কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার চট্টগ্রামে কালো পতাকা মিছিল বের করে ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

তবে মিছিলে জামায়াত-শিবিরকর্মীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

বিকালে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট বিএনপি কার্যালয় নাসিমন ভবন চত্বর থেকে মিছিলটি বের করে। এটি নগরীর লাভলেইন, ডিসিহিল এলাকা, চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনানিয়ন্ত্রিত ‘তত্ত্বাবধায়ক সরকার’ গঠনের দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালনের জন্য বিকালে সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ছিল ১৮ দলীয় জোটের।

চট্টগ্রামের মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ও যুদ্ধাপরাধের অভিযোগে বন্দি দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় তাদের হাতে বেশকিছু লাঠিও দেখা যায়।

এর আগে দুপুরের পরপরই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন ও জামায়াত- শিবিরের নেতাকর্মীরা নাসিমন ভবন এলাকায় বিচ্ছিন্নভাবে জড়ো হয়।

মিছিলের আগে নাসিমন ভবনের সামনে এক সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দাবি করেন, সেনা কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের গোপন ‘আঁতাতের’ মাধ্যমে দেশে ‘ওয়ান-ইলেভেনের’ সৃষ্টি হয়েছিল।

“শেখ হাসিনা ওয়ান-ইলেভেনকে স্বাগত জানিয়েছিলেন। ওয়ান-ইলেভেন সরকারের নেপথ্য নায়কদের সাথে গোপন আঁতাত করে নীল-নকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়।”

২০০৬ সালের শেষ ভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে যে সহিংসতা-হানাহানি ছড়িয়ে পড়ে, পরের বছর ১১ জানুয়ারি তার আপাত অবসান ঘটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারির মধ্যে দিয়ে। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন তিনি। বাতিল করা হয় ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় নির্বাচন। 

এরপর সেনা নিয়ন্ত্রণে গঠিত হয় নতুন ‘তত্ত্বাবধায়ক সরকার’, যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ। এই সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করে দুই বছর পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, আবার গণতন্ত্রে ফেরে দেশ। 

নগর জামায়াতে ইসলামির আমির আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, নগর সহ-সভাপতি শামসুল আলম, ইসলামী ঐক্যজোট নেতা আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।