সংসদে ফেরার চিন্তা বিএনপির
সরকারের চাপ কিংবা আমন্ত্রণে নয়, নিজেদের প্রয়োজনে সংসদে ফেরার চিন্তাভাবনা করছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকারি দলের নেতারা বলছেন, এই শীতকালীন অধিবেশনে বিরোধী দলের সংসদে যাওয়ার শেষ সুযোগ। এটা ঠিক নয়।
Òআমাদের সংসদে যাওয়ার সুযোগ সবসময় আছে। আমরা স্পষ্টভাষায় তাদের বলতে চাই, আওয়ামী লীগের চাপ কিংবা আমন্ত্রণে আমরা সংসদে ফিরে যাবো না। সংসদে যোগ দেব আমাদের নিজস্ব প্রয়োজনে ও জনগণের স্বার্থে। সংসদে যাওয়ার চিন্তাভাবনা আমরা করছি। দলীয় ফোরামে সিদ্ধান্তের পর আমরা সংসদে যাবো।Ó
আগামী ২৭ জানুয়ারি বিকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদের শীতকালীন অধিবেশন আহবান করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট এর উদ্যোগে ‘পাঠ্য পুস্তক থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী তুলে দেয়া ও ঐতিহাসিক প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকারি দল সংসদের পরিবেশ ‘নষ্ট’ করেছে। বিএনপি সংসদে গেলেই তারা ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য রেখে উত্যক্ত করার কৌশল নেয়। সরকারি দল চায় না, বিরোধী দল সংসদে থাকুক।
“তাদের হীনমন্যতা ও অভদ্রতার কারণে আমরা সংসদে যাই না।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে এর যৌক্তিকতা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ সাংসদ বলেন, সরকার যতকিছুই বলুক, কোনো দলীয় কিংবা বহুদলীয় বা বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচনে বিএনপিসহ ১৮ দলীয় জোট অংশ নেবে না।
তিনি বলেন, সরকার বলছে, অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। এ ব্যাপারে বিএনপির বক্তব্য হচ্ছে- অন্তবর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক যে নামের সরকার হোক না কেন বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনো সরকার গঠন হলে সেই সরকারের নির্বাচনে বিরোধী দল যাবে না।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী পাঠ্যপুস্তুক থেকে তুলে দেয়ার সমালোচনা করে মওদুদ বলেন, “পঞ্চম ও অষ্টম শ্রেনীর পাঠ্যপুস্তক থেকে ভাসানীর জীবনী তুলে দিয়ে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে। এর মাধ্যমে তারা জাতিকে অপমান করেছে।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, মওলানা ভাসানীর জীবনী না থাকলে দেশের স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্রপুস্তকে ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
