‘সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালনা করছে’
গুম-হত্যার মাধ্যমে সরকার দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালনা করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “এই সরকারের আমলে বিদ্যুৎ, জ্বালানি তেলসহ সব জিনিসের দাম কয়েগুণ বেড়েছে। কেবল কমেছে খুনের দাম। বাংলাদেশের বাজারে সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে খুন।”
“আজ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস পরিচালনা করা হচেছ। এ কারণে ইলিয়াস আলী, চৌধুরী আলম, রফিকুল ইসলাম মজুমদার গুম হয়। গুমের মিছিলে এ পর্যন্ত ১৫৭ জন যুক্ত হয়েছেন। এ হত্যার মিছিল এখন পাহাড়সম।”
এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সরকার হটানোর আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে ৫৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদার হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।
গত শনিবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়ি-মনোহরপুর এলাকায় হাতকড়া লাগানো অবস্থায় রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগর গ্রামে শ্বশুরবাড়ি শুক্রবার বেড়াতে গিয়েছিলেন।
কুষ্টিয়া থেকে লাশ পাওয়ার পর সোমবার রাতে রফিককে চাঁদপুরের শাহরাস্তির গ্রামের বাড়ি চন্ডীপুরে দাফন করা হয়।
রফিকুল ইসলাম মজুমদারের হত্যার কঠোর সমালোচনা করে তরিকুল বলেন, “হাতকড়া লাগানো অবস্থায় রফিকের হত্যাকান্ড দেখে মনে হচ্ছে- দেশে মানবতাকে হত্যা করা হচ্ছে। আজ খালে-বিলে, সুটকেসে, সেফটি ট্যাংকের ভেতরে মানুষের লাশ পাওয়া যাচ্ছে।”
নির্দলীয় সরকারের দাবি তুলে ধরে দলের জ্যেষ্ঠ এই নেতা বলেন, “প্রতিকূল অবস্থার মধ্যে কাক যেভাবে ঝড়ের মধ্যে যেতে চায়, ডানা ভেঙে যায়। তবুও সে মনে করে প্রতিকূল অবস্থায় ঝড় অতিক্রম করতে পারবে।”
“আজ জনগণের আন্দোলনের যে ঝড় উঠেছে, তাতে সরকারের অবস্থাও হয়েছে ডানাভাঙ্গা কাকের মতো। আন্দোলনের ঝড়ে তারা আর উড়তে পারবে না।”
এর আগে বিকালে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, দশম জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগের অধীনে সে নির্বাচন হবে নিরপেক্ষ।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন না দেয়া প্রসঙ্গ টেনে তরিকুল বলেন, “আমাদের মহাসচিবকে জামিন দেয়া হয়নি। একইভাবে আজ বায়লাদেশে সংবিধান আদালতে দাঁড়িয়ে বিচার প্রার্থনা করছে। সংবিধান বলছে, তার মতো রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। তাই বাংলাদেশের সংবিধান আজ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে।”
রফিকুল ইসলাম হত্যার বিচারের দাবিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান তরিকুল।
মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ দেন।
