২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের পরিকল্পনা

দশম সংসদ নির্বাচনের আগেই চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:40 PM

দশম সংসদ নির্বাচনের আগেই চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

এই নির্বাচন কমিশনার বলেন, সংসদ নির্বাচনের আগেই অগাস্টে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় বিধিবিধান সংশোধন করা হচ্ছে।

২০১৩ সালের ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

নবম সংসদ নির্বাচনের পর ২০০৯ সালের ২২ জানুয়ারি ৪৭৯টি উপজেলা পরিষদে একযোগে নির্বাচন করে তৎকালীন এটিএম শামসুল হুদার নির্বাচন কমিশন।

মো. শাহনেওয়াজ আরো বলেন, “২০১৩ সালের অগাস্ট মাসে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন বিধিমালা সংশোধনের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিধিমালা চূড়ান্ত হলেই নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করা হবে।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে উপজেলা নির্বাচন করার বিধান রয়েছে।

“এ জন্য ১৮০ দিন শুরু হওয়ার প্রথম দিকেই এ নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রকার সমস্যা না হয়।”

রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা- এ চার সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি জানান, আগামী বছরের মে মাসে চার সিটি করপোরেশন নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নির্বাচন শেষে উপজেলা নির্বাচনের কাজ শুরু হবে।

২০০৮ সালের অগাস্টে এ চার সিটি করপোরেশনের নির্বাচন হয়।