‘একটি মহল যুদ্ধাপরাধের বিচার বন্ধে মরিয়া’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে ‘বিভ্রান্তিকর প্রচারের’ জবাব দিতে বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
একটি মহল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে ‘বিভ্রান্তিকর প্রচারের’ জবাব দিতে বুধবার পিআইডির সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে ‘সেই মহল’ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সশস্ত্র হামলা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু একাত্তরের মুক্তিযুদ্ধ, সে সময় পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের পরিচালতি হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ যুদ্ধাপরাধের বিভিন্ন ঘটনা, দালাল আইনে যুদ্ধাপরাধের বিচার, পরবর্তীতে এই বিচার আটেকে থাকা এবং বর্তমান সরকারের সময়ে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধে জামায়াতে ইসলামী ও বিএনপির পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে, সেসবও খণ্ডন করেন মন্ত্রী।
এর আগে গত ২০ ডিসেম্বর এই সংবাদ সম্মেলন করার তথ্য জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, “বিচারাধীন এ বিষয় নিয়ে বাইরে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া হচ্ছে। আমরা ২৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান তুলে ধরব। জনগণ যেন এ নিয়ে বিভ্রান্তিতে না পড়ে, সেজন্য বিষয়টি পরিষ্কার করা হবে।”
যারা এই ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে পদক্ষেপ নেয়া হবে বলে সেদিন জানান তথ্যমন্ত্রী ইনু।
স্কাইপের মাধ্যমে প্রবাসী এক আইন বিশেষজ্ঞের সঙ্গে কথিত কথপোকথন নিয়ে বিতর্কের মুখে গত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন বিচারপতি নিজামুল হক। এরপর পুনর্গঠন করা হয় দুই ট্রাইব্যুনাল।
প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে বিচারপতি নিজামুল হকের কথিত কথোপকথনের অনুলিপি ও প্রতিবেদন বিএনপি ও জামায়াতপন্থী পত্রিকা দৈনিক আমার দেশ ও সংগ্রামে প্রকাশের পর বিরোধী দল মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ নতুন করে শুরু করার দাবি তোলে।
জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিচার প্রক্রিয়া নতুন করে শুরুর জন্য ট্রাইব্যুনালে একটি আবেদনও করা হয়েছে ইতোমধ্যে।
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকি ইকনোমিস্টও ওই কথিত কথোপকথনের ভিত্তিতে একাধিক প্রতিবেদন প্রকাশ করে।
এরপর ওই কথিত কথোপকথনের ভিত্তিতে কোনো ধরনের প্রতিবেদন বা শ্রুতিলিখন প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষ নয় নেতা ও বিএনপির দুই নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
আইন মন্ত্রী গত ২০ ডিসেম্বর বলেন, “৪০ বছর পরে হলেও বাংলাদেশ স্বীকৃত ও সম্পৃক্ত এ ধরণের অপরাধীদের বিচার করছে। জনগণ যাতে ধারণা পেতে পারে, এ বিচারে কোনো বিভ্রান্তি নেই, সেজন্য অভিযুক্তদের সমস্ত সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তারা সাফাই সাক্ষী ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে আপিল করতে পারবে। যার নজীর পৃথিবীর কোনো দেশে নেই।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সেদিন বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, তারাই এর বিচার প্রক্রিয়া এবং রায় নিয়ে নানান গুজব ছড়াচ্ছে।
“এ ধরণের অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। এদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। পত্রিকা, দল বা গোষ্ঠী, যেই এতে জড়িত থাক, কাওকে ছাড় দেয়া হবে না।
