২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথসভা ‘শান্তিপূর্ণ হলে’ স্বাগত জানাবে সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার পথসভায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের ওপর অত্যাচার না হলে সরকারের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “গণতান্ত্রিক অধিকার অনুযায়ী মানুষের অধিকার লঙ্ঘন না করে, মানুষের ওপর অত্যাচার না করে, হাতবোমা বিস্ফোরণ না ঘটিয়ে, গাড়ি-ঘোড়া ভাংচুর না করে পথসভা করলে আমরা সমর্থন না দিলেও স্বাগত জানাব।”

তবে আইন লঙ্ঘন করলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্দলীয় সরকারের দাবিতে রাজধানীতে গণসংযোগের অংশ হিসাবে বুধবার গাবতলী, কারওয়ান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডায় পথসভা করবেন খালেদা জিয়া।

সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গণসংযোগ কর্মসূচিতে সরকারের সহযোগিতা চেয়ে বলেন, “আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইতিমধ্যে ৬টি পথসভার অনুমতি পেয়েছি। আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই।”

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ৯ ডিসেম্বর সারা দেশে অবরোধ পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সেদিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। অবরোধের বাধা দেয়ার অভিযোগ এনে ১৩ ডিসেম্বর হরতাল পালন করে বিরোধী দলে। সহিংসতা হয় সেদিনও

হরতালের আগের দিন সহিংসতার এক মামলায় গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর মির্জা ফখরুলের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর অর্ধদিবস হরতাল করে বিএনপি।

সাগর-রুনি

সাগর-রুনির ‘প্রকৃত’ খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়ে সাগর-রুনি হত্যার বিচারকাজ ত্বরান্বিত করা যাবে না। এজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যখন এর ইতিবাচক ফল আমরা পাব, তদন্ত ফল পাওয়া যাবে, তখন অভিযোগ গঠন করা হলে সবকিছু জানতে পারবেন।”

সোমবার প্রেসক্লাবের সামনে অনশন করে সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের পক্ষ থেকে ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের এই কর্মসূচি দেয়া হয়।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি নিজেদের বাসায় খুন। এ হত্যাকাণ্ডে সাতজনকে গ্রেপ্তারের কথা স্বরাষ্ট্রমন্ত্রী জানালেও তাতে অসন্তোষ জানিয়ে ‘প্রকৃত’ খুনিদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছে সাংবাদিকরা।

স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ ছাড়াও কুটিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তরসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।