স্কাইপে বিচারকের কথিত কথোপকথনকে কেন্দ্র করে ‘বিভ্রান্তি’ ছড়ানো একাত্তরের যুদ্ধাপরাধের বিচার আটকানোর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) নামের একটি সংগঠন।
আর এই ষড়যন্ত্রে জামায়াতে ইসলামীর যোগসাজশ রয়েছে বলেও সোমবার এক বিবৃতিতে দাবি করেছে তারা, যে দলটির ১০ জন নেতা এই বিচারের মুখোমুখি।
ব্রাসেলস প্রবাসী আইন গবেষক আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপে কথিত কথোপকথন প্রকাশের পর পদত্যাগ করেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম।
এরপর যুদ্ধাপরাধের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি ও জামায়াতের সমালোচনা এবং বিচার নতুন করে শুরুর জন্য অভিযুক্তদের আবেদনের মধ্যে আইসিএসএফের এই বিবৃতি এল।
জামায়াতকে দায়ী করে বিবৃতিতে বলা হয়, “নিজেদের অপরাধ আড়াল করতে এবং বিচার প্রক্রিয়াকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ করতে চিহ্নিত এই চক্রটি নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে।”
“যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বানচাল করতে জামাত-শিবির চক্র ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নিরাপত্তা এবং গোপনীয়তা অপরাধমূলকভাবে লঙ্ঘন করে কিছু ব্যক্তিগত কথপোকথন এবং ই-মেইল হ্যাক করে এবং তা বিভিন্নভাবে বিকৃত করে দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে ছড়াতে শুরু করেছে।”
কথিত ওই কথোপকথন দৈনিক আমার দেশে প্রকাশের পর বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা নিজামুল হককে পদত্যাগের চাপ দেয়।
তার পদত্যাগের পর অবশ্য ট্রাইব্যুনাল কথিত ওই কথোপকথন প্রকাশ বন্ধের নির্দেশ দেয়।
আমার দেশ পত্রিকায় প্রকাশিত কথিত ওই কথপোকথনকে ‘সুপরিকল্পিত সাইবার অপরাধ’ উল্লেখ করে আইসিএসএফ এর তদন্ত দাবি করেছে।
“প্রকাশিত এ কখপোকথনে এমন কোনো কিছু নেই যা বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিচার কার্যক্রম নতুন করে শুরু করার দাবিরও কোনো ভিত্তি নেই,” বলেছে সংগঠনটি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালস আইন-১৯৭৩ এর ধারা ৬-এর অধীনে উপধারা-৬ উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “ট্রাইবুনালের কোনো বিচারপতি যে কোনো কারণে তার পদ থেকে সরে দাঁড়ালে ট্রাইবুনাল সাক্ষীদের সাক্ষ্য পুনরায় শুনতে বাধ্য নয়।
“বরং আইনে বলা হয়েছে, মামলায় যে টুকু সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, ঠিক সে পর্যায় থেকে কার্যক্রম অব্যাহত রাথা যাবে।”
যারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছে আইসিএসএফ।
চার দশক পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হলে তা পর্যবেক্ষণ, অনুশীলন ও প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তা দেয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয় আইসিএসএফ নামে আন্তর্জাতিক এই সংগঠন, যাকে তারা নিজেরা বলছে নেটওয়ার্ক।
আইসিএসএফ বলছে, ট্রাইব্যুনাল এবং এর অঙ্গ সংস্থাগুলোকে দালিলিক ও গবেষণা সহায়তা দেয়া ও পরামর্শ বিনিময় করছে তারা।
bdnews24