নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে বিএনপির অনশন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের আটক নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রোববার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে প্রতীকী অনশন করেছে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের আটক নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রোববার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে প্রতীকী অনশন করেছে বিএনপি।
এছাড়া জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বিক্ষোভ-সমাবেশেরও আয়োজন করা হয়।
বিএনপি এবং সমমনা দলগুলোর যুক্তরাষ্ট্র শাখা এবং নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা পৃথকভাবে এ দুটি কর্মসূচির আয়োজন করে।
যুক্তরাষ্ট্র বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল।
নিউইয়র্ক বিএনপির সমাবেশে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়া।
তারা ‘গণতন্ত্রের লেবাসে দেশে স্বৈরাচারী কর্মকা-’ চলছে অভিযোগ করে তা প্রতিহত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
খন্দকার মোশরাফ বলেন, “বাংলাদেশকে অপশাসন ও দুঃশাসনের সীমাহীন যন্ত্রণা থেকে মুক্ত করার জন্যে আন্তর্জাতিক জনমতের বিকল্প নেই। এ দায়িত্বটি আগের মত এখনও প্রবাসীদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”
রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “মামলা হামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করলে আমরা বলব শেখ হাসিনা আপনি বোকার স্বর্গে বাস করছেন।”
স্থানীয় সময় রোববার দুপুরে (বাংলাদেশ সময় সোমবার ভোর রাত) বিএনপি নেত্রী ও কন্ঠশিল্পী বেবী মমতাজ নেতৃবৃন্দকে পানি পান করিয়ে অনশন ভাঙান। এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা মজিবর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লু, মোহাম্মদউল্লাহ মামুন, গিয়াসউদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবু সাঈদ আহমেদ প্রমুখ।
স্থানীয় সময় রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) ৪২তম বিজয় দিবস উপলক্ষে ওই সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। পরিচালনায় ছিলেন সেক্রেটারী সাইদুর রহমান সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা বেলাল মাহমুদ, আলমগীর খান, এম এ খালেক আকন্দ, বদরুল হক আজাদ, মো. সুরুজ্জামান, নবগঠিত নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সেক্রেটারী জাকারিয়া হায়দার জাকির প্রমুখ।
