২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা শফিকুর ফের রিমান্ডে

গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্যের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে তৃতীয় দফায় তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্যের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে তৃতীয় দফায় তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আব্দুল গফ্ফার চৌধুরী জানান।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোকারম হোসেন এদিন শফিকুরকে আদালতে হাজির করে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্যের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান। শুনানি শেষে আদালত তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।

এর আগে দুই দফায় সাত দিন পুলিশ হেফাজতে নেয়া হয় জামায়াতে ইসলামীর নেতা শফিকুরকে।

হাজারিবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রথম দফায় চার দিন এবং তারপর কারওয়ানবাজারে আইনমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় তেজগাঁও থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের হেফাজতে নেয় পুলিশ।

গত ১২ ডিসেম্বর ভোর রাতে ধানমণ্ডির বাসা থেকে শফিকুরকে গ্রেপ্তার করে র্যাব।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব দেয়া হয় তার অন্যতম সহকারী এটিএম আজহারুল ইসলামকে। কিন্তু গত অগাস্টে আজহারুলও একই অভিযোগের মামলায় গ্রেপ্তার হলে শফিকুর ওই দায়িত্ব পান।