আনোয়ারার উপ-নির্বাচনে ৪ জনের প্রার্থিতা বাতিল
(আনোয়ারা) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
(আনোয়ারা) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে এক শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষর জমা দেয়ার শর্ত পূরণ করতে না পারায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমেদ খান।
চারজনের প্রার্থিতা বাতিল হওয়ায় এই উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে থাকলেন আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক।
ফরহাদ আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে মোট ভোটারের এক শতাংশের সমর্থন সম্বলিত স্বাক্ষর জমা দিতে হয়।
শর্ত পূরণ করতে না পারায় জাতীয় পার্টির নেতা তপন চক্রবর্ত্তী, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি জালাল আহমেদ চৌধুরী, আবদুল আলীম নিজামী ও মিজানুর রহমানের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
আগামী ১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
এদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন জালাল উদ্দিন।
তিনি বলেন, সরকারদলীয় প্রার্থী সাইফুজ্জামান চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে এ কাজটি করেছে।
তিনি বলেন, “২ হাজার ৫০৩ জনের স্বাক্ষর দরকার হলেও আমার তার আবেদনে প্রায় সাড়ে তিনহাজার স্বাক্ষর ছিল।”
গত ৪ নভেম্বর আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে খালি হওয়া চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি দিন ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমাদানের পর রোববার বাছাইয়ের শেষ দিন ছিল। ৩১ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন ঠিকা করা আছে।
