২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিত হত্যাকাণ্ডে জগন্নাথের আরো ৪ ছাত্র বহিষ্কার

বিশ্বজিত দাস হত্যার ঘটনায় এনিয়ে দুই দফায় নয় ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিরোধী দলের অবরোধের মধ্যে পুরান ঢাকায় পিটুনি ও অস্ত্রাঘাতে বিশ্বজিত দাস হত্যার ঘটনায় আরো চার ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরা হলেন, মনোবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মো. কাইয়ুম মিয়া টিপু, রসায়ন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের রাজন তালুকদার, ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মো. সাইফুল ইসলাম ও জিএম রাশেদুজ্জামান শাওন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে আসায় এই চার ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এদের মধ্যে রাজন ছাড়া বাকি তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে হামলায় নিহত হন দর্জির দোকানি বিশ্বজিত। ছাত্রলীগের একদল নেতা-কর্মী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে গত ১২ ডিসেম্বর সাবেক ও বর্তমান পাঁচ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সাবেক শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান নাহিদ ও মো. ইমদাদুল হকের সনদ বাতিলের পাশাপাশি মো. রফিকুল ইসলাম শাকিল, মীর মো. নূরে আলম ও মো. ওবাইদুল কাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

নাহিদ ও শাকিলও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

নতুন করে বহিষ্কার হওয়া টিপু সাভারের শোভাপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। রাজনের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কেশবপুর গ্রামে। তার বাবার নাম সুষেন চন্দ্র তালুকদার।

সাইফুলের বাড়ি নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ী গ্রামে। তার বাবার নাম মো. আবদুল হাই। আর শাওন খুলনার পাইকগাছার নাছিরপুর গ্রামের জি এম লুৎফর রহমানের ছেলে।