২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আগুন দেয়ার চেষ্টা, আটক ৯

পুলিশ বলছে, রাজধানীর কাঁটাবন ও শাহবাগ এলাকা থেকে আটক এই নয়জন ইসলামী ছাত্রশিবিরের কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

সমমনা কয়েকটি ইসলামপন্থী দলের হরতাল চলাকালে রাজধানীতে বাসে আগুন দেয়ার চেষ্টার অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে তারা ইসলামী ছাত্রশিবিরের কর্মী।

পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, শাহবাগ, কাঁটাবন ও বাটা সিগন্যাল থেকে এই নয় জনকে আটক করা হয়।

তিনি জানান, সকালে বাটা সিগন্যালে একটি বাসে আগুন দিতে গেলে পাঁচ জনকে আটক করে পুলিশ। প্রায় একই সময়ে কাঁটাবন থেকে তিন জন ও শাহবাগ থেকে একজনকে আটক করা হয়।

এরা সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে নুরুল ইসলাম জানান।

জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধে বাম সংগঠনগুলোর গত মঙ্গলবারের হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে পূর্ণ দিবস আর ঢাকায় অর্ধদিবস এই হরতাল পালন করছে খেলাফত আন্দোলনসহ কয়েকটি সমমনা দল।

তবে এই হরতালে কোনো সম্পৃক্ততার কথা জামায়াতে ইসলামী বা তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির জানায়নি।