২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ ডিসেম্বর সিপিবি-বাসদের বিক্ষোভ-সমাবেশ

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলন অব্যহত রাখার ঘোষণা দিয়ে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে চলমান আন্দোলন অব্যহত রাখার ঘোষণা দিয়ে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার সারা দেশে হরতাল পালনের পর পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, এছাড়া আগামী ৩ থেকে ৭ জানুয়ারি দেশব্যাপী ‘জাগরণ অভিযান’ পারিচালনা করা হবে। এর অংশ হিসাবে দলীয় নেতাকর্মীরা পাঁচটি ভাগে ভাগ হয়ে বিভিন্ন জেলায় ২৬টি জনসভা, ৫১টি সমাবেশ এবং পথসভা করবেন।

সেলিম দাবি করেন, হরতালকে কেন্দ্র করে সারাদেশে পুলিশ-র্যা ব তাদের ২০ কর্মীকে আটক করেছে। এছাড়া ‘যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায়’ ১৫ জন আহত হয়েছেন।

বরিশাল, মাগুরা, নেত্রকোনা, গাজীপুর, আশুলিয়া, নরসিংদী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, যশোর ও বরগুনা জেলায় হরতালকারীদের ওপর ‘সরকারদলীয় কর্মীরা’ হমলা করে বলে সাংবাদিকদের জানান বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

হরতাল ‘সফল’ হয়েছে দাবি করে সর্বস্তরের জনগণ, পরিবহন শ্রমিক, গার্মেন্ট শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানান মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ২৮ ডিসেম্বরের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামীসহ সব সাম্প্রদায়িক রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করাসহ সাতটি দাবিতে সিপিবি ও বাসদ সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করে। প্রায় একই দাবিতে হরতাল করে গণতান্ত্রিক বাম মোর্চাও।

সিপিবি ও বাসদের অন্য দাবিগুলো হচ্ছে- তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক পক্ষ ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার ও শাস্তি দেয়া, গার্মেন্টসহ সব শিল্প-কারখানায় আইন অনুযায়ী কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা,শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল, গাড়ি ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ও বিশ্ব ব্যাংকের পরামর্শে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ করা।