২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজয়ের মাসে আ. লীগের উপহার লাশ’

বিজয়ের মাসে হরতাল দেয়ায় সরকারি দলের সমালোচনার জবাবে বিএনপি নেতা তরিকুল ইসলামের এই বক্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিজয়ের মাসে হরতাল দেয়ায় সরকারি দলের সমালোচনার জবাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ করেছে বিএনপি।

রোববার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর হাত মানুষের রক্তে রঞ্জিত। এই বিজয়ের মাসে তার নিজস্ব বাহিনী বিশ্বজিত দাসকে হত্যা করেছে। এরকম সারা দেশে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে। এভাবে আওয়ামী লীগ বিজয়ের মাসে অসংখ্য লাশ উপহার দিয়েছে।”

গত ৯ ডিসেম্বর অবরোধের সময় পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে সরকার সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

তরিকুল বলেন, “কেবল তাই নয়, ডিসেম্বর মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাজিমউদ্দিন আলমকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অন্যায়ভাবে ক্ষমতার জোরে অবরুদ্ধ করে রাখা হয়েছে।”

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবস্থার উত্তরণে সরকার পতনের কোনো বিকল্প নেই।

বিজয় দিবসে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তরিকুল।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতেন্ত্র বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে জনগণকে ‘ধোঁকা’ দেয়। বিভ্রান্তির জন্য তারা ‘চটকদারী’ কৌশল নেয়।

“একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলে রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধানে রেখেছে। অন্যদিকে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা তারা তুলে দিয়েছে। এভাবে আওয়ামী লীগ নিজেদের সঙ্গে নিজেরা প্রবঞ্চনা করছে।”

বিএনপিকে মুক্তিযুদ্ধের দল দাবি করে তরিকুল বলেন, “আওয়ামী লীগ যতই অপপ্রচার করুক না কেন- এটাই ইতিহাস, একাত্তরে জিয়াউর রহমানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছে। তিনিই বাংলাদেশের সর্বশেষ্ঠ মুক্তিযোদ্ধা।”

জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, গাজী মাজহারুল আনোয়ার, আবদুস সালাম, জাসাস সাধারণ সম্পাদক মনির হোসেন, সহসভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাস শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।