২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিতের প্রতি বিএনপির শ্রদ্ধা

১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সময় পিটুনিতে নিহত বিশ্বজিতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সময় পিটুনিতে নিহত বিশ্বজিতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। অবরোধ কর্মসূচি শেষে রোববার বিকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতাল যান। সেখানে তারা বিশ্বজিতের মরদেহের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। হাসপাতালে বিএনপি নেতারা বিশ্বজিতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্বজিতের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি শরীয়তপুরে নিয়ে যাওয়া হয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার রাজপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। অবরোধ কর্মসূচির সময় সকালে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় বিরোধী দল ও সরকার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপরই ভিক্টোরিয়া পার্কের কাছে পিটুনিতে বিশ্বজিত মারা যান। বিশ্বজিত (২৫) রাজধানীর শাঁখারিবাজার এলাকায় একটি দর্জির দোকান চালাতেন। ফখরুলের সঙ্গে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা ও মহানগর সদস্য সচিব আবদুস সালাম, আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৭৪৫ ঘ.