ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধীদের দোসরদের শাস্তির দাবি করেছেন একাত্তরে নির্যাতিত ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকালে আওয়ামী লীগের বিজয় দিবসের অনুষ্ঠানে যুবলীগের এক আলোচনা সভায় সমবেত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং নির্যাতিতরা যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার পাশাপাশি তাদের দোসরদেরও শাস্তি দেয়ার আহবান জানিয়েছেন।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান যুদ্ধাপরাধীদের মদত দাতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, “তখন তারা পাকিস্তানীদের ছত্রছায়ায় ছিলো। এখন কারা তাদের ছায়া দিচ্ছে।”
প্রিয়ভাষিণী বলেছেন, “যারা যুদ্ধাপরাধীদের সংসদে নিয়ে গেছে, তাদের রক্তে রঞ্জিত পতাকা দিয়েছে। আমি তাদেরও শাস্তির দাবি করছি।”
মতিউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে মিলি রহমান বলেন, “আমার স্বামী শহীদ হওয়ার ৪৪দিন পর আমাকে দেশে পাঠিয়ে দেয়া হয়। দেশে ফিরে আমি মানিকগঞ্জে সন্তানদের নিয়ে শ্বশুড় বাড়িতেই ছিলাম।”
বিজয় দিবসের কথা বলতে গিয়ে বাষ্পরুদ্ধ কন্ঠে মিলি বলেন, “১৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা আমার শ্বশুড় বাড়িতে এসে আমাকে পাশের একটি স্কুলের মাঠে নিয়ে গিয়ে স্বাধীন দেশের পতাকা ওড়ায়।”
স্বামী হারানোর শোক ভুলাতে মিলি রহমানকে তার বাবা রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে যান বলে জানান তিনি।
সেদিনের কথা বলতে গিয়ে মতিউর রহমানের স্ত্রী বলেন, “কোথাও মেয়েদের চুল, কোথাও ভাঙা চুরি, কোথায় ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। এসব দেখে সেদিন আমি আমার নিজের শোক ভুলে গিয়েছিলাম।”
“সেদিন ভুলে গেলে চলবে না। আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।”
ফেরদৌসি প্রিয়ভাষিণী বলেন, “৪১ বছর পর আমি বিলাপ করতে আসিনি। আমি চার লাখ নির্যাতিতা মা-বোনের প্রতিনিধিত্ব করতে এসেছি।”
“আমি একটি দেশের জন্ম দেখেছি। সেদিন মুখ ঢেকেছিলাম”, বলেন মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নির্যাতিতা এই শিল্পী।
৭১ সালের অক্টোবর মাসের দিনগুলোর কথা বলতে গিয়ে ভাস্কর প্রিয়ভাষিণী বলেন, “২৩ বছর বয়সে আমি অহরহ নির্যাতিত হয়েছি। অক্টোবর মাসের একদিন গাড়ি পাঠিয়ে আমাকে যশোর ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো। সেখানে আমাকে ২৮ ঘন্টা নির্যাতন করা হয়।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “আমাদের সুদিন এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার এখন শেষ হয়ে এসেছে।”
“কালকের (রোববার) অবরোধ ব্যর্থ করে দেওয়াই আমাদের কর্তব্য”, বলেন বাচ্চু।
সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করে কথাশিল্পী সৈয়দ শামসুল হক বলেন, “এই দেশ বহু সংকট দেখেছে। কিন্তু কোন সংকট বাঙালি জাতিকে দমিয়ে রাখতে পারেনি। ৭১ও তারা পারে নাই। এবারো তারা পারবে না।”
নতুন প্রজন্মকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে শামসুল হক বলেন, “পথে পথে প্রতিপক্ষকে প্রতিহত করুন। রাজাকারদের প্রতিহত করুন। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বিরোধীদলের কর্মকা-ের সমালোচনা করে বলেন, “কিসের হুমকি ? কিসের আন্দোলন ? কে আন্দোলন করবে ? যাদের আদর্শ নেই ? তারা কী আন্দোলন করবে ? যাদের সঙ্গে জনগণ নেই।”
“যে কর্মসূচির লক্ষ্য নেই, যে কর্মসূচি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তা আন্দোলন হতে পারে না”, বলেন দীপু মণি।
যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে দীপু মণি বলেন, “বিচারহীনতার অপসংস্কৃতি চিরদিনের জন্য দূর করতে হবে।”
বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভায় আরো বক্তব্য রখেন, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, শহীদ সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনের সন্তান শাহীন রেজা নূর এবং যুবলীগ নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২১২৭ ঘ.
bdnews24