২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বাঁচানোর কর্মসূচি রুখতে হবে: দীপু মনি

বিরোধী দলের ‘ধ্বংসাত্মক’ কর্মসূচিকে যে কোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ‘ধ্বংসাত্মক’ কর্মসূচিকে যে কোনো মূল্যে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিরোধী দলের অবরোধ কমসূচি প্রসঙ্গে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা এই কর্মসূচি দিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ তাদের এসব কর্মসূচি প্রত্যাখান করেছে।” শনিবার দুপুরে চাঁদপুর মুক্ত দিবসে জেলায় শুরু হওয়া মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া মেলার উদ্বোধন করেন ৮ নম্বর সেক্টরের কমান্ডার ও জেলা পরিষদের প্রশাসক আবু ওসমান চৌধুরী। দীপু মনি বলেন, বাংলাদেশ যখন মাথা তুলে দাঁড়াচ্ছে, তখন চিহ্নিত অপরাধীরা আবার জাতির সঙ্গে প্রতারণা করে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। বিজয় মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, বিজয় মেলার মহাসচিব বদিউজ্জামান কিরন। এর আগে মন্ত্রী চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে বের হওয়া এক র‌্যালিতে যোগ দেন। এছাড়া চাঁদপুর সরকারি কলেজের একটি নবনির্মিত ভবন ও শহরের মিশন রোড এলাকায় বঙ্গবন্ধু সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন দীপু মনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১২৪ ঘ.