ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদার সঙ্গে এক ঘন্টাব্যাপী বৈঠক করে।
বৈঠক শেষে দলের সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, জাতিসংঘের ইলেকটোরাল এসিসট্যান্স ডিভিশনের পরিচালক ক্রেইগ জেনেস, দক্ষিণ এশিয়ার উপ-প্রধান হিতোকী ডেন এবং বাংলাদেশে জাতিসংঘ মিশনের আবাসিক সম্বয়কারী নিল ওয়াকার।
সাক্ষাতের সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপাসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সরকার ও বিরোধী দলের বিরোধের মধ্যেই দেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা আসেন অস্কার ফার্নান্দেজ তারানকো।
সংবিধান অনুযায়ী, চলতি বছরের শেষার্ধে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মতদ্বন্দ্ব রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৬ ঘ.
bdnews24