২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণই জামায়াতকে নিষিদ্ধ করবে: কামরুল

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে হরতালের ডাক দেয়া হলেও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জনগণই জামায়াতকে নিষিদ্ধ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে হরতালের ডাক দেয়া হলেও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জনগণই জামায়াতকে নিষিদ্ধ করবে। শুক্রবার জাতীয় ক্রীড়াপরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “তারা নৈরাজ্য শুরু করার পর প্রথম দিনই যদি পুলিশ গুলি ছুড়তো, চার জন মারা যেত। জনগণ আমাদের পক্ষে থাকতো না। কিন্তু এখন দিনে দিনে জনসমর্থন আমাদের দিকেই আসছে।” “আমরা চাই, জনগণই তাদেরকে নিষিদ্ধ করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, জনগণ তাদের ধাওয়া করেছে। এটা শুরু। যুদ্ধাপরাধীদের বিচার হলে তারা লেজ গুটিয়ে পালাবে,” বলেন তিনি। যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাংচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির কর্মীরা। আইনমন্ত্রীর গাড়িবহরেও তারা হামলা চালিয়েছে। শীর্ষ নেতাদের মুক্তি চেয়ে গত ৪ ডিসেম্বর হরতালও করেছে দলটি। ওই হরতালে সমর্থন দেয়ায় এবং যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করায় বিএনপিরও সমালোচনা করেন আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “বিএনপি একটা অবরোধ ডেকেছে। যতোই তারা মুখে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলুক না কেন, তাদের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো। তারা অবরোধে অঘটন ঘটিয়ে ডিসেম্বর ও জানুয়ারিতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এ জন্য আগেই বলেছে, অবরোধে বাধা দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।” তিনি বলেন, বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা সত্ত্বেও দলটি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে ডাকা হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ। “ভালো চাইলে, বিএনপির অবরোধ প্রত্যাহার করা উচিত। কারণ এখনো আপনাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে। নেতিবাচক ভোট হিসাবে হলেও অনেক মুক্তিযোদ্ধা এখনো আপনাদের ভোট দেয়। জামায়াতকে ত্যাগ করুন, নয়তো এরা আপনাদের ত্যাগ করবে।” নির্বাচন পদ্ধতি নিয়ে নিজেদের দাবিগুলো নিয়ে বিএনপিকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা। কামরুল ইসলাম বলেন, “সংবিধান সম্মতভাবে আগামী নির্বাচন হবে। কিছু বলার থাকলে আসুন আলোচনা করি। কিভাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায়- সেটা নিয়ে আলোচনা করি। জামায়াতের সঙ্গে আরো বেশি আলিঙ্গন করতে অবরোধ দিবেন না। এতোদিন আমরা ধৈর্য্যরে পরীক্ষা দিয়েছি। আর কতদিন দেব?” আইন প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রতিবাদের ভাষার পরিবর্তন করতে হবে। জামায়াত-শিবির দেশজুড়ে যে অনৈতিক কাজ করছে, সেই কাজের জবাবে প্রতিবাদ করার দিন শেষ হয়ে গেছে। এখন প্রতিরোধ করতে হবে। “একাত্তরে গোলাম আযম বা নিজামী আমাকে পেলে যা করতো, বা আমি তাদের পেলে যা করতাম, এখন পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছে গেছে। এখন তা করার সময় চলে এসেছে।” জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার এই হরতালের ঘোষণা দেয়ার পর সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “রাজাকাররা যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে হরতাল ডেকে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালিয়েছে। তার প্রতিবাদ জানিয়ে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা ও তা কার্যকরের দাবিতে আমরা এই হরতাল পালন করব।” এ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, “এই বিচার শুরুর পর প্রথমে জামায়াত এটাকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। এখন তারা আর বাধাগ্রস্ত করতে চায় না। তারা পুরো প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চায়। বিএনপিও প্রথমে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। এখন তারাও জামায়াতের সঙ্গে সুর মিলিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১৬৫০ ঘ.