২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি নির্বাচন ভোটের দু’দিন আগে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দুই দিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দুই দিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। প্রতিটি সাধারণ ওয়ার্ডে ব্যাটালিয়ন আনসার, এপিবিএন ও পুলিশের সমন্বয়ে একটি করে এবং প্রতি তিনটি ওয়ার্ডে র‌্যাবের একটি করে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। বুধবার এ সিটি করপোরেশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়ে ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন জানান, রংপুর সিটি করপোরেশনের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। তবে পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় বৈঠকে। “ভোটের দুই দিন আগে, ভোটের দিন ও পরের একদিন- এ চারদিন আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হবে।” আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। ফরহাদ হোসেন আরো জানান, নির্বাচনে আচরণবিধি তদারকির জন্য ২১ ডিসেম্বর পর্যন্ত ১১ জন নির্বাহী হাকিম এবং মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে থাকবেন আরো ১১ জন নির্বাহী হাকিম। এছাড়া সামারি ট্রায়ালের জন্য ৬ জন বিচারিক হাকিমও নিয়োজিত থাকবেন। এ নির্বাচনে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ২২ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। সকালে ইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক এ বৈঠকে অপর চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন আগেই বলেছিল, এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন রয়েছে বলে মনে করছে না তারা। তবে প্রয়োজন হলে ‘সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়া হবে। রংপুরের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের এ সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৭৪২। আর ভোট কেন্দ্র ১৭৮টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০২৪ ঘ.