ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের ‘স্বৈরাচারী’ সরকারের পতন দিবস বৃহস্পতিবার।
এবার প্রধান বিরোধী দল বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ দিনটিকে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
দিবসটি যথাযথভাবে পালনের জন্য কেন্দ্র থেকে দলের মাঠ পর্যায়ের কমিটি ও অঙ্গসংগঠনকে নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে বিএনপি এ দিনটি পালন করতো ‘গণতন্ত্র’ দিবস হিসেবে।
বিএনপি, আওয়ামী লীগ ও বাম রাজনৈতিক দলগুলোর তিনটি জোটের আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৫ ডিসেম্বর রাতে এইচ এম এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরদিন বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে।
অবসান ঘটে এরশাদের নয় বছরের স্বৈরশাসনের।
রাজনৈতিক দলগুলো প্রতিবছর এ দিনটিকে পালন করে গণতন্ত্রের নতুন অভিযাত্রার দিন হিসেবে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিকাল তিনটায় এই আলোচনা সভা হবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে জাতীয় নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
এদিকে দিবসটি উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৯ ঘ.
bdnews24