চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধ সফল করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাজপথ দখল করতে না পারলে আগামীতে এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না।
বুধবার বিকালে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, “সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়ার এটিই উপযুক্ত সময়। এখন থেকে রাজপথ দখল করতে না পারলে কোনো স্বপ্নই পূরণ হবে না।”
আগামী ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘রাজপথ অবরোধ’ কর্মসূচি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় খন্দকার মোশাররফ বলেন, নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনে আবার ক্ষমতায় আসবে।
তত্ত্ববধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এখন থেকেই আন্দোলন-সংগ্রাম জোরদার করারও নির্দেশ দেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের সভাপতিত্বে মনবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, বিএনপির নেতা ওয়াহিদুল আলম, শিশু বিষয়ক সম্পাদিকা রোজি কবির, শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম প্রমুখ।
বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনীসহ আট জেলার বিএনপি নেতারা এতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৩৫ ঘ.
bdnews24