২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশ তিনশ’ জামায়াত ও শিবিরকর্মী গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে ৬৯ জন এবং রাজধানী ছাড়া সারাদেশে অন্তত ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে ৬৯ জন এবং রাজধানী ছাড়া সারাদেশে অন্তত ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার হরতাল কর্মসূচি দেয় দলটি। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। যানবাহন ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকায় ৬৯ জন এবং সারাদেশে ২৩৭ জন গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানবাহন ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশে জামায়াত-শিবিরের ২৩৭ জন নেতাকর্মীকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল আহছান। অবশ্য জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে, হরতাল চলাকালে রাজধানীতে মতিঝিল থানা আমিরসহ দলটির মোট ৬০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/২০৫০ ঘ.