ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে দলের কর্মসূচি সফল করতে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর থেকে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি শুরু হচ্ছে।
কর্মসূচির মধ্যে আছে- মীরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, রাজধানীতে বিজয় র্যালি এবং আলোচনা সভা।
এছাড়া আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করারও কথা রয়েছে দলটির।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, শাহ মো. আবু জাফর, ইসমাইল হোসেন বেঙ্গলসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৯ ঘ.
bdnews24