বাগেরহাট, ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রোববার আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা করেছে পুলিশ।
দুপক্ষের দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যায় মোল্লাহাটে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের জনসভা শেষে এ সংঘর্ষে পুলিশসহ অন্তত দশ জন আহত হয়।
অস্ত্র আইন এবং পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দু’টি করেন মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার দাস।
এতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দুই/তিনশ’ জনকে আসামি করা হয়।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ অন্তত ত্রিশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
রাতেই ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার ছেলে আল মামুন মোল্লা (২৮) ও হাসিবুর রহমান মোল্লা (২৩), প্রচার সম্পাদক জাকির মোল্লা (৩৫), দলের উদয়পুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোল্লা (৪২), ওয়াশিংটন মিঞা (৩৫) ও রুহুল আমিন (৪৫)।
দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দলের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার মধ্যে বিরোধকে কেন্দ্র করে তাদের অনুসারীরা সংঘর্ষে জড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/১৯১৭ ঘ.
bdnews24