চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চট্টগ্রাম কলেজ ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে নগরীর চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম কলেজের এমএ সবুর ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচলাইশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গত ১৮ নভেম্বর নগরীর ষোলশহর এলাকায় পুলিশের উপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৮ নভেম্বর জামাত-শিবিরের মিছিল থেকে ষোলশহর এলাকায় পুলিশের উপর হামলা ও ভাঙচুর করা হয়।
ঘটনার পর বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় নগর জামাতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ৬৫ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০৫৪ ঘ.
bdnews24