ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বৈরাচারের পতন আর গণতন্ত্রের মুক্তি চেয়েছিল বলেই ১৯৮৭ সালে নূর হোসেনকে হত্যা করা হয়েছিল।
নূর হোসেনের মৃত্যুর জন্য বিরোধী দলকে দায়ী করে তখনকার শাসক এইচ এম এরশাদে বক্তব্যের পরদিন রোববার যুবলীগের আলোচনা সভায় একথা বললেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন, “সে সময় নূর হোসেন বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক আর স্বৈরাচার নিপাত যাক লিখেছিল বলেই তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে তখনকার স্বৈরশাসক। তখনকার এরশাদ সরকারের পুলিশ তাকে গুলি করে হত্যা করে।”
এরশাদ সরকারের পতনের লক্ষ্যে ১৯৮৭ সালের ১০ নভেম্বর দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচির সময় পুলিশের গুলিতে নিহত হন যুবলীগের নূর হোসেন। তার বুকে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’।
নূর হোসেনের মৃত্যুর বিষয়ে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ শনিবার বলেন, “আন্দোলন চাঙা করতে লাশের প্রয়োজনীয়তা তখন দেখা দিয়েছিল। আপনারা লাশ সৃষ্টি করেছেন।”
১৯৮৭ সালের স্মৃতি মনে করে শেখ হাসিনা বলেন, “সেদিনের কথা আমার মনে আছে। আমরা মিছিল নিয়ে যখন এগিয়ে যাই, তখন নূর হোসেন আমার পাশে ছিল।
“আমি ওকে ডাকলাম। ডেকে বললাম, ‘তোমাকে তো মেরে ফেলবে’। তুমি বুকে-পিঠে যেটা লিখেছ- তোমাকে তো রাখবে না। আমরা গাড়ির জানালার কাছে মাথাটা এগিয়ে দিয়ে বলল- ‘আপা, আপনি মাথায় মাথায় একটু হাত বুলিয়ে দেন। জীবন দিয়ে দেব। গণতন্ত্র মুক্ত করব।”
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বাবুল, ফাত্তাহ, ডা. মিলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণ করেন আওয়ামী লীগ সভানেত্রী।
১৯৮৭ সালের ১০ নভেম্বরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “সেদিন শুক্রাবাদে আরেকটি ছাত্র মারা যায়। তার নাম মিলন। তাকে বিডিআর গুলি করে হত্যা করে। আর, নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24