২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর মামলায় প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন অব্যাহত

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ২০ অভিযোগের বিষয়ে প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দির বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর রোববার তিনি আসামি পক্ষের সাক্ষীদের জবানবন্দির বিষয়ে যুক্তি উপস্থাপন করবেন। বৃহস্পতিবার প্রসিকিউশনের সাক্ষীদের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরার পর আসামি পক্ষের সাক্ষী গণেশ চন্দ্র সাহাকে ‘বৈরী’ ঘোষণার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান তিনি। প্রসিকিউশনের তালিকাভুক্ত সাক্ষী গণেশ চন্দ্র পরে আসামির পক্ষে আদালতে জবানবন্দি দেন। তবে ট্রাইব্যুনাল বলেছে, এক পক্ষের তালিকায় নাম থাকলে অন্য পক্ষের হয়ে সাক্ষী দেয়া যাবে না, এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই। গণেশের বাবা ভগীরথী সাহাকে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে, যে ঘটনার সঙ্গে সাঈদীর সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ আছে। তবে গণেশসহ কয়েকজন সাক্ষীকে প্রসিকিউশন আদালতে হাজির করতে ব্যর্থ হলে তাদের ‘নিরুদ্দেশ’ ঘোষণা করা হয়। তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দেখিয়ে সে সময় প্রসিকিউশন আদালতকে বলেছিল, সাঈদীর সহযোগীদের হুমকির কারণে অনেক সাক্ষীকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তবে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গণেশসহ ১৫ জন অনুপস্থিত সাক্ষীর তদন্তকালীন জবানবন্দিই ট্রাইব্যুনাল প্রামাণ্য হিসেবে গ্রহণ করে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে একমাত্র দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেই প্রসিকিউশন ও আসামিপক্ষের সাক্ষী ও তদন্ত কর্মকর্তাসহ সবার সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। দুই পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/জেকে/২২২২ ঘ.